”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান” | চ্যানেল আই অনলাইন

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান” | চ্যানেল আই অনলাইন

দেশজুড়ে পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে সাম্প্রতিক ভিড় ও অস্থিরতা দ্রুত কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) থেকে সার্বিক সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশাবাদী।

শুক্রবার (২৭ মার্চ) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, পাম্পগুলোতে গ্রাহকদের অতিরিক্ত ভিড় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে।

তিনি গ্রাহকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনের বাইরে জ্বালানি সংগ্রহ থেকে বিরত থাকতে এবং অপ্রয়োজনীয় ভিড় না করতে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি। পরিস্থিতি সামাল দিতে সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বারবার আহ্বানের পরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে, যা সাধারণ মানুষের জন্যও সুবিধাজনক হবে না।

সংকটের কারণ হিসেবে তিনি জানান, মার্চ মাসে বেশি সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। এতে দেশের কিছু এলাকায় পাম্পগুলো সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়ে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, আগামীকাল থেকেই সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে। তাই আতঙ্ক ছড়ানো বা অযথা মজুত না করে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top