লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা | চ্যানেল আই অনলাইন

ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সাথে চুক্তি করতে যাচ্ছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার এ চুক্তি দীর্ঘ ও মধ্যমেয়াদী হতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য স্টার। রোববার তার প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার কথা। তবে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও সংবাদমাধ্যমে জানানো হয়নি। 

শেফিল্ড ইউনাইটেডের সাথে চুক্তি হলে লেস্টার সিটির সাথে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করবেন হামজা। দ্য স্টার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই হামজা চৌধুরীর স্থায়ী দলবদল সম্পন্ন করতে চাইছে শেফিল্ড। রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর লেস্টার সিটির এ খেলোয়াড়ের জন্য পদক্ষেপ নিয়েছে দ্য ব্লেডস।

শেফিল্ড ইউনাইটেডের হেড কোচ ক্রিস ওয়াইল্ডার হামজা চৌধুরীকে নিয়ে এর আগে বলেছিলেন, ‘আমি সবসময়ই তার খোঁজখবর রেখেছি, লেস্টার যখন নর্দাম্পটনে একটি প্রাক-মৌসুম ম্যাচ খেলতে এসেছিল তখন ১৫ বছর বয়সে তাকে খেলতে দেখার পর থেকে।’

‘আমি তার ব্যক্তিত্ব পছন্দ করতাম। সে এমন একজন খেলোয়াড় যে প্রিমিয়ার লিগ জিতেছে, এফএ কাপ জিতেছে, ইউরোপে খেলেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলেছে এমন একটি দলের সাথে যুক্ত ছিল। সে সাফল্যের স্বাদ পেয়েছে এবং জানে কীভাবে এই ডিভিশন থেকে উঠে আসতে হয়। সে সরাসরি মানিয়ে নিয়েছে এবং তাকে দলে পেয়ে আমি আনন্দিত।’

হামজা ২০২৫ সালের ২৭ জানুয়ারিতে লেস্টার থেকে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ডে ধারে যোগ দেন এবং ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত সেখানে খেলেন। তখন তিনি তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে মোট ১৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন। শেফিল্ড সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার বাংলাদেশি ঐতিহ্যকে সম্মান জানিয়ে তাকে ‘বাংলাদেশি ব্লেড’ হিসেবে পরিচয় করিয়ে দেয়।

দলবদলের সূক্ষ্ম বিষয়গুলোর সাথে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে তিনি মঙ্গলবার রাতে বোল্টনের বিপক্ষে খেলতে পারবেন- যা রাত ১১টার ডেডলাইনের মাত্র কয়েক ঘণ্টা আগে শুরু হবে। কার্ডিফ সিটিতে ২-২ গোলে ড্র হওয়ার পর কথা বলার সময়, ক্রিস ওয়াইল্ডার জানান যে, ইউনাইটেড কয়েকজন খেলোয়াড় চুক্তি করানোর দ্বারপ্রান্তে রয়েছে।

Scroll to Top