লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত, গুতেরেসের নিন্দা – DesheBideshe

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত, গুতেরেসের নিন্দা – DesheBideshe

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত, গুতেরেসের নিন্দা – DesheBideshe

বৈরুত, ৩০ মার্চ – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। দায়িত্ব পালনরত অবস্থায় শান্তিরক্ষী নিহতের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের জেরে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব জানান যে শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর ঘটনা।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি জাতিসংঘ কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন বা ইউএনআইএফআইএল জানিয়েছে যে দক্ষিণাঞ্চলের আদচিট আল-কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণের ঘটনায় তাদের এক শান্তিরক্ষী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে মারজায়উন জেলার ওই ঘাঁটিতে ইসরায়েলি গোলাবর্ষণের কারণে ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল জাদিদ জানিয়েছে যে আহতদের ইতিমধ্যে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় আরও পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এস এম/ ৩০ মার্চ ২০২৬



Scroll to Top