লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ‘বাধা’ হয়ে উঠতে পারে

লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ‘বাধা’ হয়ে উঠতে পারে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়—ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণা চুক্তির পথে সম্ভাব্য এক বাধা বা ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

নেতানিয়াহু তাঁর বিবৃতিতে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তিনি সুনির্দিষ্টভাবে এও যোগ করেছেন, দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইরান যাতে আর কখনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি হয়ে না উঠতে পারে, সে বিষয়েও তিনি ট্রাম্পকে সমর্থন দেবেন।

নেতানিয়াহুর বিবৃতির শেষ দুই লাইনে বলা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ওপর কার্যকর হবে না।

ইসরায়েলের জন্য এই মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারা দক্ষিণ লেবাননে তাদের অভিযানের গতি বাড়িয়েছে। হিজবুল্লাহর সঙ্গে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করতে তারা সেখানে আরও বেশি স্থল সেনা মোতায়েন করছে।

ইসরায়েলের কাছে ইরানের সঙ্গে সংঘাতের মতোই লেবানন ইস্যুটি সম্ভবত সমান গুরুত্বপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি।

Scroll to Top