লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল ঈদ উদযাপন | চ্যানেল আই অনলাইন

লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল ঈদ উদযাপন | চ্যানেল আই অনলাইন

সুদূর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের রাস্টন শহরে গতকাল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। হাজার মাইল দূরে থাকলেও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ‘ইসলামিক সেন্টার অব নর্থ লুইজিয়ানা’ প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।

ঈদের নামাজ শেষে মসজিদ সংলগ্ন চত্বরে সমবেত হন সেখানে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। উপস্থিত এই প্রাণের মেলায় সিংহভাগই ছিলেন লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে (লুইসিয়ানা টেক ইউনিভার্সিটি) উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বাংলাদেশি শিক্ষক এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

সবাইকে দেখা যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, শাড়ি আর সালোয়ার-কামিজে সজ্জিত হয়ে। বিদেশের কর্মব্যস্ত জীবনে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময়ে মেতে ওঠেন তারা। অনেক শিক্ষার্থী জানান, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও এমন যৌথ উদযাপন তাদের একাকীত্ব ভুলিয়ে দেয় এবং প্রবাসে এক বড় পরিবারের অনুভূতি জাগিয়ে তোলে।

নামাজ শেষে হাসিমুখে ফ্রেমবন্দি হওয়া এই প্রবাসীরা জানান, যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মাঝেও শেকড়ের টান আর দেশীয় সংস্কৃতিকে বুকে লালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি এবং তাদের পরামর্শ ও সাহচর্য শিক্ষার্থীদের জন্য ছিল এক বড় অনুপ্রেরণা।

আমেরিকার লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের এই ঐক্যবদ্ধ ঈদ উদযাপন দেশপ্রেম ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে রইলো।

 

Scroll to Top