বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ এসেছে ইংল্যান্ডের জন্য। নিউক্যাসল ইউনাইটেড ডিফেন্ডার টিনো লিভ্রামেন্টো আসর থেকে ছিটকে গেছেন। বদলি হিসেবে চেলসির ট্রেভহ চালোবাহকে ডাকা হয়েছে।
রোববার অনুশীলনের সময় ২৩ বর্ষী ডিফেন্ডারের পায়ের মাংসপেশিতে টান লাগে। ইএসপিএন জানিয়েছে, ‘তিনি সম্ভবত ছয় সপ্তাহের জন্য দলের বাইরে থাকবেন। এ সময়ের মধ্যে বিশ্বকাপ চলার কারণে লিভ্রামেন্টো খেলতে পারবেন না। সেজন্য চেলসি ডিফেন্ডারকে বদলি হিসেবে নেয়া হয়েছে।
ইংল্যান্ড ফুটবল বিবৃতিতে বলেছে, ‘চেলসি ডিফেন্ডার ট্রেভহ চালোবাহর কানসাস সিটিতে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যবস্থা নেয়া হচ্ছে। দলের বাকি সদস্যরা বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে টেক্সাসের ডালাসে যাবেন।’
ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলো ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে নিয়ম অনুসরণ করে। সেই পরিবর্তনের সুযোগ পাচ্ছে থ্রি-লায়ন্সরা।



