
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে আরও দুর্দান্ত টাইগার তারকা। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। একই ইনিংসে ভালো করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তিন ব্যাটার ফিফটি করেছেন। তাতে ভর করে আফগানদের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।
শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৯২.৩ ওভারে ৩৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৮৯.১ ওভারে ২৪০ রানে থামে আফগানিস্তান। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১০৫.২ ওভারে ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সবমিলিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৪৭৮ রান। জিততে আফগানদের করতে হবে ৪৭৯ রান।
৭২ ওভারে ৬ উইকেটে ২২৩ রান চতুর্থ দিনের খেলা শুরু করেন। লিটন দাস ১ রানে এবং মেহেদী হাসান মিরাজ শূন্যতে ব্যাটে নামেন। দুজনেই কাটিয়ে দেন পুরোটা সময়। ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন মিরাজ ও লিটন। লিটন ১১৬ বলে ১৪ চারে ১০২ রান করে আউট হলে জুটি ভাঙে। এরপরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। মিরাজ অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে শান্ত ৮২, মুশফিকুর রহিম ৮১, তানজিদ তামিম ৩১ এবং সাদমান ইসলাম ১৩ রান করেন।
আফগানিস্তান বোলারদের মধ্যে ইয়ামিন আহমদজাই, মোহাম্মদ সালেম ও জিয়া-উর-রহমান নেন দুটি করে উইকেট। কাইস আহমেদ নেন ১ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ তামিম। ৭১ বলে ৮৩ রান করেন। সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯, নাঈম হাসান ৩৫*, শান্ত ২৯ এবং মিরাজ ২৪ রান করেন।
আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ৩টি ও ইসমাত আলম নেন দুটি উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।
জবাবে নেমে প্রথম ইনিংসে আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রহমত শাহ। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬২ রান করেন আব্দুল মালিক। ইকরাম আলি খিল ৩২ এবং শহিদউল্লাহ ২০ রান করেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ইবাদত নেন ৪ উইকেট। এছাড়া মিরাজ নেন একটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

