লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রবাসের ব্যস্ত জীবনে শিকড়ের টান আর বাংলার লোকসংস্কৃতির আবহকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হলো বাংলা ফোক ফেস্ট ‘মাটির টানে—প্রাণের গানে’।

সাংস্কৃতিক সংগঠন ‘সূরযাত্রা’ আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে মেতে ওঠেন ডালাস ও আশপাশের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা।

গত ২২ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে উঠে আসে বাংলার মাটি, মানুষ, নদী ও গ্রামীণ জীবনের চিরচেনা সুর। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল উৎসবের অন্যতম প্রধান লক্ষ্য।

উৎসবের মূল আকর্ষণে ছিল লালন সাঁই, হাসন রাজা ও শাহ আবদুল করিমের কালজয়ী গান। পাশাপাশি পরিবেশিত হয় ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ বাংলার লোকসংগীতের নানা ধারা। স্থানীয় প্রবাসী শিল্পী ও তরুণ প্রতিভাদের একক ও দলীয় পরিবেশনা এবং যন্ত্রসংগীতের সুরে উৎসব প্রাঙ্গণে তৈরি হয় বাংলার মেঠোপথ ও নদীমাতৃক জীবনের আবহ।

ডালাস ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। লোকসংগীতের সর্বজনীন আবেদন যে ভৌগোলিক সীমা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে মানুষকে একত্র করতে পারে, আয়োজনের পরিবেশে তারই প্রতিফলন দেখা যায়।

বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসঙ্গীতের চর্চা ও প্রসারে এই আয়োজন

আয়োজক ‘সূরযাত্রা’ জানায়, প্রবাসের মাটিতে বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের চর্চা অব্যাহত রাখা এবং তা বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতির আবেদন পৌঁছে দেওয়াই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রশংসা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার অনুপ্রেরণা জুগিয়েছে।

আমন্ত্রিত অতিথিরাও ব্যতিক্রমী ও মানসম্মত এ আয়োজনের জন্য ‘সূরযাত্রা’-কে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

প্রবাসের মাটিতে হাজার মাইল দূরের বাংলাদেশের মাটির গন্ধ, লোক সুর ও শেকড়ের স্মৃতি ফিরিয়ে আনার মধ্য দিয়ে ‘মাটির টানে- প্রাণের গানে’ যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলা।

Scroll to Top