লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা – DesheBideshe

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা – DesheBideshe

লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের গুচ্ছ বোমা হামলা – DesheBideshe

তেল আবিব, ১৮ মার্চ – ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত বা গুচ্ছ বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান।

বুধবার ১৮ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছিল তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ইরান সরকার নিশ্চিত করেছে যে লারিজানি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর প্রথম দিন খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি।

ইসরায়েল জানিয়েছে যে ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে যা ঠেকানো অত্যন্ত কঠিন। গতকাল রাতে জনবহুল তেল আবিবে চালানো ক্লাস্টার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। এই নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।

লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন। ওই সংস্থা জানিয়েছে যে গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top