লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী – DesheBideshe

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী – DesheBideshe

লক্ষ্মীপুর, ২০ ফেব্রুয়ারি – সড়কে চাঁদাবাজি নিয়ে সারাদেশে নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, আর লক্ষ্মীপুরে তো প্রশ্নই আসে না।

তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান মন্ত্রী। শুক্রবার সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে মন্ত্রী জানান, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন করা গেলে জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মানুষ মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণের বিষয়টি সরকারের নজরে রয়েছে। মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে ভাঙন রোধে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশব্যাপী ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। এ সময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top