চোট কাটিয়ে দলে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। কঠিন সময়ের দলে ফিরেই জ্বলে উঠলেন ব্রাজিলীয়। নিজে গোল করলেন এবং সতীর্থকে দিয়ে করালেন। তাতে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেল প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ।
ইতালিয়ান ক্লাব আটালান্টার মাঠে মঙ্গলবার রাতে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের তিনিটি গোলের মধ্যে অন্য দুটি এসেছে কাইলিয়ান এমবাপে ও জুড ব্যালিংহ্যমের পা থেকে।
গত সপ্তাহেই নিজেকে মেলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসি তারকা এমবাপে। ঘোষণা দেয়ার পর টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে সমতা টানেন আটালান্টার চার্ল দে কেটেলার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে ভিনিসিয়াস ও বেলিংহ্যামের গোলে জয়ের পথে এগিয়ে যায় লস ব্ল্যাংকস দল।
রাতের অন্য দুই ম্যাচে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫-১ গোলে জিতেছে বায়ার্ন। অস্ট্রিয়ান ক্লাব সাল্জবুর্গের বিপক্ষে পিএসজির জয় ৩-০ গোলে।

এদিকে জিরোনাকে ১-০তে হারিয়েছে লিভারপুল। পেনাল্টি থেকে গোলটি করেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে এ নিয়ে ছয় ম্যাচের ছয়টিতেই জিতল আর্নে স্লটের দল। ৩৬ দলের আসরে সবকটি ম্যাচ জেতা একমাত্র দল তারাই। সবার আগে নকআউট পর্বও নিশ্চিত করে ফেলেছে তারা।

অলরেডদের দারুণ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল। অন্যদিকে জয় পেয়ে ২৪ নম্বর থেকে রিয়াল উঠে এসেছে ১৮-তে। আর আটালান্টা ৫ থেকে নেমে গেছে ৯-এ। ১২ পয়েন্ট নিয়ে ৮-এ ও ৭ পয়েন্ট নিয়ে ২৪-এ উঠে এসেছে পিএসজি।




