রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা করেছেন, পদত্যাগ করবেন না। তার ইশতেহার বাস্তবায়নের জন্য নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বোর্ড ডিরেক্টরদের সাথে মিটিংয়ের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্প্যানিশ সংবাদমাধ্যমে এ ঘোষণা দিয়েছেন ৭৯ বর্ষী পেরেজ।
গত বছর জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হওয়া পেরেজ বলেছেন, ‘দুঃখিত যে, আপাতত পদত্যাগ করছি না। একটি নির্বাচন আহ্বান করতে চলেছি। নির্বাচন কমিটিকে পরিচালক পর্ষদের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে বলেছি। যে নির্বাচনে পরিচালক পর্ষদের সদস্যরা প্রার্থী হিসেবে দাঁড়াবেন।’
‘রিয়াল মাদ্রিদের কোন একক মালিক নেই, এর ১ হাজার সদস্যই ক্লাবটিকে গড়ে তুলেছে। এই সিদ্ধান্ত নিয়েছি কারণ রিয়াল মাদ্রিদ এবং আমার স্বার্থের বিরুদ্ধে চালানো প্রচারণার ফলে একটি উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলাফল খুব একটা ভালো হয়নি, কিন্তু খেলাধুলায় সবসময় জেতা যায় না।’
রিয়াল মাদ্রিদ সভাপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে জানিয়ে পেরেজ বলেছেন, ‘তারা (সমর্থকরা) আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। তারা জিজ্ঞেস করছে, ‘ফ্লোরেন্তিনো কোথায়?’ অথচ আমি সাধারণত মুখ খুলি না।’
‘কেউ কেউ আমাকে বলেছে যে, আমার দুরারোগ্য ক্যান্সার হয়েছে, যারা আমার জন্য চিন্তিত। এই সুযোগে তাদের জানাতে চাই, আমি এখনও রিয়াল মাদ্রিদ এবং আমার কোম্পানির দায়িত্বে আছি, আমার স্বাস্থ্য একদম ঠিক আছে। আমার স্বাস্থ্য ঠিক না থাকলে দুটো জায়গায় থাকতে পারতাম না।’
৭৯ বর্ষী পেরেজ ঠিক আছেন জানিয়ে বলেছেন, ‘যেমন বলা হয়েছে, আমার যদি ক্যান্সার হতো, তাহলে আমাকে ক্যান্সার সেন্টারে যেতে হতো। আর যদি সেখানে যেতাম, তাহলে সেই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত না?’
নিজের সাফল্যের কথা জানাতে পেরেজ বলেছেন, ‘আমিই প্রথম স্বীকার করছি যে, সবকিছু জিততে চাই। আমার সভাপতিত্বে ৩৭টি ফুটবল শিরোপা এবং ২৯টি বাস্কেটবল শিরোপা জিতেছি। পর্দার আড়ালে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের সকলের বিষয়ে কথা বলতে চাই।’
‘যারা নির্বাচনে দাঁড়াতে চান, তাদের সকলকে আহ্বান জানাই। রিয়াল মাদ্রিদের সদস্যদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনে দাঁড়াচ্ছি। তারা আমাকে ভয় দেখাতে পারবে না। এটা আমাকে অনেক শক্তি জোগায়।’




