রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভিনিসিয়াস জুনিয়র, এমন আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার করলেন ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে জানালেন, রিয়ালেই থাকছেন তিনি।
বর্তমানে ক্লাবের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ১২ মাস বাকি। তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বায়ার্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখানেই দীর্ঘ সময় থাকতে চাই। হাতে আরও এক বছর সময় আছে এবং আমি খুব শান্ত আছি। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আমার ওপর আস্থা রেখেছেন। সঠিক সময়েই আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করব, কারণ রিয়াল মাদ্রিদই আমার স্বপ্নের ক্লাব।’
দলের কোচিং পরিবর্তন নিয়েও কথা বলেছেন এই ফরোয়ার্ড। জাবি আলোনসোর বিদায়ের পর আলভারো আরবেলোয়ার অধীনে ভিনিসিয়ুস নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আরবেলোয়ার সাথে নিজের রসায়নকে তিনি কিংবদন্তি কার্লো আনচেলত্তির সাথে তুলনা করে জানান, আরবেলোয়া তাকে মাঠে নিজের ভূমিকা বুঝতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে দারুণ সাহায্য করেছেন।
ব্যক্তিগত অর্জনের চেয়ে এখন দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভিনি। বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিতে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক ও খেলোয়াড়দের ঐক্যের ওপর ভরসা রাখছেন তিনি। তার ভাষ্যমতে, ‘বায়ার্ন শক্তিশালী দল হলেও চ্যাম্পিয়নস লিগের এই বড় মঞ্চে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আশা করছি, বার্নাব্যুর দর্শকদের সমর্থনে আমরা দারুণ কিছু উপহার দিতে পারব।’




