সৌদি কর্তৃপক্ষ রিয়াদের পাশাপাশি রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজ শহরেও সতর্কতা জারি করেছিল। শুক্রবার স্থানীয় সময় রাত তিনটার কিছু আগে বাসিন্দাদের ফোনে পাঠানো ওই বার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রায় আধা ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে হুতি বা অন্য কোনো গোষ্ঠী রিয়াদে হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে সৌদি আরবও গতকাল রাত ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার বিষয়ে কিছু বলেনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, সতর্কতা তুলে নেওয়ার পর রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের দিকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা।
উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
এদিকে জুলাইয়ের পর বাব আল–মানদেব প্রণালি দিয়ে সৌদি তেল রপ্তানি কমেছে বলে জানিয়েছে সামুদ্রিক পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার। তবে প্রতিকূল পরিবেশ সত্ত্বেও গত এক সপ্তাহে পাঁচটি সৌদি তেলবোঝাই জাহাজ এই পথ পাড়ি দিয়েছে।