রাজধানীর গুলশানের শাহজাদপুর সড়ক থেকে আজ সোমবার ভোরে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার জানান, ভোরে শাহজাদপুর প্রধান সড়কে যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, সেটি জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই নারী ভিক্ষুক প্রকৃতির ছিলেন। তার পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। সিআইডির ক্রাইমসিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি।





