
ঢাকা, ১৫ মার্চ – নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও বর্তমান রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা অত্যন্ত সন্দেহজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রপতি বিগত ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী ছিলেন, তাই তাকে অবিলম্বে অভিশংসনের আওতায় আনা প্রয়োজন।
রোববার ১৫ মার্চ সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি এলাকায় এনসিপির পেশাজীবী অঙ্গসংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরও বলেন, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চাইছে। জনগণের প্রকৃত অভিপ্রায় বাস্তবায়নে কোনো রকম অজুহাত না দেখিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য অধিবেশন ডাকার জোর দাবি জানান তিনি। এই অধিবেশন ডাকার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর এবং এর সম্পূর্ণ দায়ভার তাকেই নিতে হবে বলে তিনি স্পষ্ট করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ এবং সদস্যসচিব তৌহিদ হোসেন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এনএন/ ১৫ মার্চ ২০২৬




