রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে মারধরের শিকার হয়ে রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি রায়েরবাগ এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।
রিফাত মা–বাবার সঙ্গে রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। নিহত রিফাতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে।
নিহত রিফাতের বাবা হাসেম মৃধা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় রিফাত তাদের বাসার সামনে রাস্তায় বসে ছিল। এ সময় প্রতিবেশী যুবক শাকিল তার উদ্দেশে বলে, এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি? জবাবে রিফাত বলে, আমি গাঁজা খাই না। এ কথা বলার পর শাকিল তাকে গালিগালাজ ও মারধর করে।’
প্রথম দফায় বিষয়টি মিটে গেলেও কিছুক্ষণ পর শাকিল আবারও এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে রিফাত অচেতন হয়ে পড়েন। এ সময় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাসেম মৃধা আরও বলেন, তিনি ও তাঁর আরেক ছেলে রিয়াজ দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত নয়টার দিকে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
নিহত রিফাতের স্বজনেরা জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন।
পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, রিফাতের মৃত্যুর বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।



