রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক | চ্যানেল আই অনলাইন

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক | চ্যানেল আই অনলাইন

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোকে গভীরভাবে ভেঙে পড়া তার মায়ের চিকিৎসায় এগিয়ে এসেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, সন্তানের অকাল ও নির্মম মৃত্যুর পর থেকেই রামিসার মা গভীর মানসিক আঘাতে ভুগছেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে তার বুকে ব্যথা, ভার্টিগোসহ (নিউরোলজিকাল সমস্যা) এবং পরিপাকতন্ত্রজনিত জটিলতা দেখা দিয়েছে, যা তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

এ অবস্থায় পরিবারটি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্রুত মানবিক উদ্যোগ নেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. রফিকুল ইসলাম জানান, রোগীর চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এতে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সন্তানের মৃত্যুর পর সৃষ্ট গভীর মানসিক ট্রমার কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

চিকিৎসক ও পরিবারের সদস্যরা আশা করছেন, সমন্বিত এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।

Scroll to Top