রাঢ়ীখালের হোসেন স্যার

হোসেন স্যার অষ্টম শ্রেণি থেকে আমাদের নিয়মিত পড়ানো শুরু করেন। ক্লাসেই চেষ্টা করতেন ভালোভাবে পড়াতে। মানবিক বিভাগের বিষয়গুলো, বিশেষ করে ভূগোল, পৌরনীতি ও ইতিহাস পড়াতেন। স্যার প্রাইভেট পড়াতেন না। একবার অবশ্য আমাকে মাত্র দুই মাস প্রাইভেট পড়িয়েছিলেন।

তখন আমি দশম শ্রেণিতে পড়ি। ক্লাসের বাইরে অন্যান্য বই পড়ার অভ্যাস ছিল। এটা জানতে পেরে স্যার আমাকে রাহুল সাংকৃত্যায়নের ভোল্‌গা থেকে গঙ্গা বইটি পড়তে দিলেন। পড়ার পর স্যারের সঙ্গে আলোচনা করলাম। স্যার খুশি হলেন।

প্রতি শুক্রবার সকালে স্যার রাঢ়ীখাল থেকে আমাদের ভাগ্যকুল বাজারে আসতেন কেনাকাটা করতে। আমাদের বাড়ির সামনে এসে আমার জন্য এটা-ওটা পাঠাতেন। আমিও স্যারের সঙ্গে প্রায় দুই মাইল হেঁটে তাঁর বাড়ি পর্যন্ত যেতাম। এ সময় নানা বিষয়ে কথা হতো। স্যারের চিন্তাভাবনা জানতে পারতাম।

স্যার একটা কথা প্রায়ই বলতেন, ‘পদ্মাপারের মানুষেরাই একদিন রাজধানী ঢাকা দখল করবে!’ স্যারের এ কথার অর্থ তখন বুঝতাম না।

ক্লাসে স্যার নানা বিষয়ে লেখালেখির ইচ্ছা প্রকাশ করতেন। না বুঝেই বলতাম, ‘স্যার, লেখেন না কেন?’ তিনি বলতেন, ‘কাগজ-কালি কিনতে খরচ তো কম নয়। কে দেবে?’

Scroll to Top