
রাজস্থান, ১ জুলাই – ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের জোরালো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাতজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজস্থানের দৌসা জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলার সময় বাসটি একটি ট্রেইলারের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেইলার উভয়টিতেই আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলতে থাকা বাস থেকে যাত্রীরা জীবন বাঁচাতে আর্তচিৎকার করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান।
নিহতদের মধ্যে পাঁচজন আগুনে পুড়ে এবং দুইজন মাথায় গুরুতর আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন। অধিকাংশ যাত্রীই দুর্ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশের প্রাথমিক ধারণা হলো বাস চালক ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিলেন অথবা বাসের গতি অতিরিক্ত ছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেছে। এছাড়া বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ বা বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এনএন/ ১ জুলাই ২০২৬






