
কুমিল্লা, ৪ মে – “রাজনীতিবিদরা নিজেরা মাদক সেবন করে এসে মাদকবিরোধী বড় বড় বক্তৃতা দেন। আমার পাশে যারা বসেন, তাদের ৯০ শতাংশই মাদকাসক্ত।” কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এমন একটি বিস্ফোরক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার এই অকপট ও বিতর্কিত মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
১ মিনিট ৫ সেকেন্ডের সেই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অত্যন্ত ক্ষোভ ও আক্ষেপের সাথে বলতে শোনা যায় “রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া, হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদেরকে আমি চিনি না?”
তিনি দাবি করেন, তার পাশে যারা বসেন, তাদের ৯০ শতাংশই বিভিন্ন ধরণের নেশাজাতীয় দ্রব্য সেবন করেন। এমতাবস্থায় তিনি নিজে কীভাবে মাদকবিরোধী কথা বলবেন, সেই প্রশ্নও তোলেন।
এমপি আরও বলেন, “আমাদের অনেক শিক্ষকেও মাদক সেবন করেন, আমি জানি। ঢাকা গেলে কোন হোটেলে যান, জানি। সেই হোটেলের বিলের টাকাও নেতাদের পকেট থেকে যায়।”
বক্তৃতায় তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্য করে বলেন, জাতিকে নিয়ে চিন্তা করার আগে প্রত্যেকের উচিত নিজেকে এবং নিজের পরিবারকে শুধরানো। তিনি উদাহরণ দিয়ে বলেন, কারো ছেলেকে মাদক সেবন করতে দেখলে সে পাল্টা প্রশ্ন করবে— আপনার ছেলেও তো খায়, আপনি কোত্থেকে আইছেন? তাই আগে নিজের ঘর ঠিক করতে হবে।
জানা গেছে, গত রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিস্ফোরক মন্তব্যগুলো করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এমপির এই সাহসকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে জনপ্রতিনিধি হিসেবে তিনি কেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সংসদ সদস্যের এমন বক্তব্য মাদক সমস্যার গভীরতাকে যেমন তুলে ধরেছে, তেমনি নীতিনির্ধারকদের নৈতিকতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে।
এনএন/ ৪ মে ২০২৬






