রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা – DesheBideshe

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা – DesheBideshe

রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, ভোগান্তিতে গ্রাহকরা – DesheBideshe

ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকার কারণে পেমেন্ট জটিলতা তৈরি হয়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তীব্র সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে রাজধানীর উত্তরা, মিরপুর, মহাখালী ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ পাম্পে অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও চালকরা।

ডিপো থেকে কখন তেল আসবে সে বিষয়ে পাম্প কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। ফলে জ্বালানির খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের।

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের এক চালক জানান, তেলের খোঁজে বিভিন্ন পাম্পে ঘুরতে গিয়ে গাড়ির অবশিষ্ট জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে। এভাবে চললে গাড়ি চালানো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করায় মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে ঈদের কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতার বিষয়টি তারা স্বীকার করেন।

উত্তরা আজমপুর এলাকার কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারের ক্যাশিয়ার মান্নান মিয়া জানান, ডিপো থেকে তেল না পাওয়ায় সকাল থেকেই তাদের পাম্প বন্ধ রাখতে হয়েছে। প্রতিদিন আঠারো হাজার লিটার তেলের বরাদ্দ থাকলেও আগের দিন মাত্র চার হাজার লিটার তেল পাওয়া গেছে। এই সামান্য পরিমাণ তেল মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। নতুন করে তেলের সরবরাহের জন্য ডিপোর বার্তার অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

এনএন/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top