রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন | চ্যানেল আই অনলাইন

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন | চ্যানেল আই অনলাইন

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে দুই সিটি করপোরেশন। পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীর সহযোগিতাও চেয়েছে তারা।

আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে সবশেষ ৩ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টির তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টির ফলে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানী, দৈনিক বাংলা, ফকিরাপুল, আরামবাগসহ বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের ভোগান্তি কমাতে রোববার ভোর থেকেই তাদের ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ কাজ করছে। দ্রুত পানি নিষ্কাশনে কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি পানির পাম্প চালু করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পানি জমে থাকা এলাকায় দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও ওয়াটার পাম্প সচল রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

Scroll to Top