রাজধানীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু: দ্বিতীয় দিনে যাত্রী সংকট – DesheBideshe



ঢাকা, ১৯ আগস্ট – নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে শুরু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস যাত্রী সংকটে ভুগছে। উদ্বোধনের পরদিনই দেখা গেছে অধিকাংশ বাসই প্রায় যাত্রীশূন্য অবস্থায় চলাচল করছে। অথচ সাধারণ গণপরিবহনে নারী যাত্রীদের ভিড় আগের মতোই রয়েছে। অনেক ক্ষেত্রে নারীদের সাধারণ বাসের গেটে ঝুলে ঝুঁকি নিয়ে চলাচল করতেও দেখা গেছে।

বুধবার সকালে মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি দোতলা মহিলা বাস রাজধানীর শ্যামলী এলাকায় যাত্রী সংকটে দেখা যায়। বাসটির দোতলা ছিল সম্পূর্ণ খালি এবং নিচতলায় মাত্র ৪ থেকে ৫ জন যাত্রী অবস্থান করছিলেন। যাত্রী না থাকায় বাসটি নির্ধারিত স্টপেজগুলোতেও বেশিক্ষণ অপেক্ষা করছিল না।

অনেক যাত্রী অভিযোগ করেছেন যে এই বিশেষ বাসের সময়সূচি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ফার্মগেট এলাকায় অপেক্ষমাণ যাত্রী আসমা আক্তার জানান যে অফিসের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে বলে তারা মহিলা বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন না। যদি নির্দিষ্ট সময়ে গাড়ি পাওয়া যেত তবে তারা অবশ্যই এতে যাতায়াত করতেন।

অপর যাত্রী সোনালী খাতুন মনে করেন বাসের সংখ্যা বাড়ানো এবং প্রচার নিশ্চিত করা গেলে এই উদ্যোগ সফল হবে।

উল্লেখ্য যে মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৯টি রুটে ১০টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বগুড়াতেও এই সেবা চালু করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ১১৪টি নির্ধারিত স্থানে এসব বাস থামার কথা রয়েছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬



Scroll to Top