যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দেয়নি ভারত | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দেয়নি ভারত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে জটিলতা মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। দলের অন্যতম ভরসা পেসার আলি খানকে ছাড়াই টুর্নামেন্টে আসতে হতে পারে তাদের। সতীর্থদের সাথে ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত এ আমেরিকান। খবর হচ্ছে দলটির আরও তিন ক্রিকেটারকে ভিসা দেবে না আয়োজক ভারত, যারা সকলেই পাকিস্তানি বংশোদ্ভূত।

ভিসা জটিলতার প্রকৃত অবস্থা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বোর্ড, আইসিসি বা ভারতের ভিসা কর্তৃপক্ষের কেউ এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি। বংশোদ্ভূত যাদের নথিতে পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই ও দীর্ঘ প্রক্রিয়ার কারণ সামনে আসছে। আলি ছাড়া উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, বোলার এহসান আদিল এবং মোহাম্মদ মহসিন সেই তালিকায়।

আলি ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভারতীয় ভিসা বাতিল হয়েছে, কিন্তু কেএফসি জিতেছে।’ অর্থাৎ, ভারতের মাটিতে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তার প্রবেশের অনুমতি মেলেনি, কিন্তু ভারতে ঠিকই ব্যবসা করছে কেএফসি।

যুক্তরাষ্ট্র দল বেশ ভরসা রাখে আলির বোলিংয়ে। টুর্নামেন্টের কাছাকাছি সময়ে দলের প্রধান পেসারকে নিয়ে টানাটানি বড় ধাক্কা তাদের। ভিসা সমস্যা দ্রুত সমাধান না হলে যুক্তরাষ্ট্রকে স্কোয়াডে পরিবর্তন আনতে হতে পারে। সঙ্গে যদি জাহাঙ্গীর, আদিল এবং মহসিনের ভিসা বাতিল হয়ে যায়, সমস্যা বাড়বে মার্কিনীদের। আসর শুরুর বাকি মাসের কম সময়।

গ্রুপ ‘এ’তে দলটি সূচির ভারত-কেন্দ্রিক। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবে যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ে ১৩ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ও ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে। গ্রুপপর্বে একটি ম্যাচ তাদের শ্রীলঙ্কায়, পাকিস্তানের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি।

Scroll to Top