যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তার দায় হাসিনার ওপর চাপালেন শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার নিন্দা জানান।

শফিকুর রহমান

স্ট্যাটাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’

তিনি আরও লেখেন, সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া। দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তারা বিশ্ববাসীকে নিজেদের পরিচয় জানিয়ে দিচ্ছে। স্ট্যাটাসের শেষে তিনি ‘শেইম…’ লেখেন।

সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের হেনস্তার শিকার হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হচ্ছিলেন ড. ইউনূস। এ সময় কয়েকজন বাংলাদেশি প্রবাসী তাঁকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। তাঁরা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয়ড ডেমোক্রেসি’ ও ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলে স্লোগান দিতে থাকেন।

এ সময় নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। পরে তিনি ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানা যায়।

Scroll to Top