আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জিতেছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে মার্কিন বোলার শ্যাডলি ফন শ্যালভিকের বোলিং তাণ্ডবের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা। পরবর্তীতে সূর্যকুমার যাদবের হাত ধরে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াইসূচক সংগ্রহ করে স্বাগতিকরা। তবে আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজদের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারী ব্যাটাররা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ভারত। জবাবে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে সফরকারী দল।
ওপেনিংয়ে নামা অভিষেক শর্মা রানের খাতা খোলতে পারেননি। আরেক ওপেনার ঈশান কিষাণ করেন ২০ রান। তিলক ভার্মা ২৫, শিভম দুবে ০, রিঙ্কু সিং ৬, হার্দিক পান্ডিয়া ৫, অক্ষর প্যাটেল ১৪, আর্শদীপ ৪ এবং বরুণ চক্রবর্তী ০ রান করে আউট হন। অবশ্য এক প্রান্ত আগলে রাখা অধিনায়ক সূর্যকুমার ১০ চার এবং ৪ ছক্কায় ৪৯ বলে করেন অপরাজিত ৮৪ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট তুলে নেন শ্যালভিক। হারমিত সিং নেন ২টি , আলী খান এবং মোহাম্মদ মহসিন নেন ১টি করে উইকেট।
জবাবে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ওপেনার আন্দেয়াস গাউস ৬ এবং সাইতেজা মুক্কামল্লা ২ করে সাজঘরে ফেরেন। মিলিন্দ কুমার ৩৪, সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৭, শুভম রঞ্জনে ৩৭ রান করেন।
ভারতের হয়ে সিরাজ ৩টি, আর্শদীপ ও অক্ষর ২টি করে এবং বরুণ ১টি উইকেট নেন।



