যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

পিএমএফের একাধিক ঘাঁটিতে হামলা

গতকাল ভোরে ইরাকের বিভিন্ন স্থানে পিএমএফের একাধিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ওয়াশিংটন ও রিয়াদের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের তেল স্থাপনায় চালানো ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

পিএমএফ জানিয়েছে, বাগদাদ, নিনেভে, বসরা, কিরকুক, কারবালা, দিয়ালা, ওয়াসিতসহ কয়েকটি প্রদেশে তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ সদস্য নিহত ও ৩২ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদি পরিস্থিতি পর্যালোচনায় জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। দেশটির প্রেসিডেন্ট নিজার আমেদি এ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ এবং ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য বা আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্ব মেটানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরাকে হামলার নিন্দা জানিয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

Scroll to Top