যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা: সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা: সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe


যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা: সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ – DesheBideshe

তেহরান, ১১ মে – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মধ্যে গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুইবার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সর্বশেষ ফোনালাপে তারা পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় এই দুই নেতা নিবিড় যোগাযোগ বজায় রাখছেন। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়।

এর প্রতিক্রিয়ায় ইরান আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

তৎকালীন এই যুদ্ধবিরতি গত ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন তেহরানের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়।

গত রোববার ইরান সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে, ইরানের পাল্টা প্রস্তাবটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে আঞ্চলিক সংকট সমাধানে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এস এম/ ১১ মে ২০২৬



Scroll to Top