ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ঘালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সামাজিকমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন এবং মাত্র এক ঘণ্টায় সাতটি বিভ্রান্তিকর পোস্ট করেছেন।
ইরানি স্পিকার বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত সামাজিকমাধ্যমে নয়, বরং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্দিষ্ট রুট ও ইরানের অনুমতির ওপর নির্ভর করবে। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়ে ঘালিবাফ বলেন, তারা মিথ্যার মাধ্যমে যুদ্ধ জিততে পারেনি, আলোচনাতেও কিছু অর্জন করতে পারবে না। হরমুজ খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত মাঠপর্যায়ের বাস্তবতার ভিত্তিতে হবে, সামাজিকমাধ্যমের পোস্টে নয়।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বজায় থাকবে। তিনি আরও ইঙ্গিত দেন, চুক্তি না হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।




