যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম – DesheBideshe

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম – DesheBideshe


যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একধাপ এগিয়ে অ্যান্ডি বার্নাম – DesheBideshe

লন্ডন, ১০ জুলাই – যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন অ্যান্ডি বার্নাম। দলটির সিংহভাগ আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় তার শীর্ষ পদে বসার সম্ভাবনা এখন উজ্জ্বল।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া বার্নামকে ইতোমধ্যে দলের ৪০২ জন এমপির মধ্যে ৩২২ জন সমর্থন দিয়েছেন। বর্তমানে তিনি এই পদের জন্য একমাত্র ঘোষিত প্রার্থী হিসেবে রয়েছেন।

গাণিতিক হিসাবে প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য ৩২৩ জন এমপির সমর্থনের প্রয়োজন ছিল। বার্নাম সেই নির্ধারিত সংখ্যা থেকে মাত্র এক ভোট দূরে অবস্থান করছেন। তবে বেশ কয়েকজন এমপি জানিয়েছেন যে, তারা বৃহস্পতিবার সংসদে উপস্থিত থাকতে না পারায় ভোট দিতে পারেননি। তবে তারা ফিরে আসার পর বার্নামকে সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন।

প্রত্যাশা অনুযায়ী আর কেউ এই লড়াইয়ে অংশ না নিলে আগামী সপ্তাহেই তাকে দলের নেতা ঘোষণা করা হবে এবং ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়রের রাজনৈতিক ক্যারিয়ারে এটি একটি অসাধারণ উত্থান হিসেবে দেখা হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি মেকারফিল্ড আসনের উপ নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রত্যাবর্তন করেন।

এক বিবৃতিতে বার্নাম তার প্রতি দলীয় এমপিদের এই গভীর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সমর্থন পুরো দল থেকে এসেছে যা যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন ধারার প্রয়োজনীয়তার যৌথ বিশ্বাসের প্রতিফলন। তিনি আরও জানান, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন।

গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের পর থেকে কিয়ার স্টারমারকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। বার্নাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। নেতৃত্বের লড়াইয়ে টিকে থাকতে প্রতিদ্বন্দ্বীদের আগামী বুধবারের মধ্যে অন্তত ৮১ জন এমপির সমর্থনের প্রয়োজন ছিল। তবে বুধবার সন্ধ্যায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস নিজেকে সরিয়ে নেওয়ায় বার্নামের পথ অনেকটা পরিষ্কার হয়ে যায়।

উল্লেখ্য যে, বার্নাম এর আগে ২০১০ ও ২০১৫ সালে দলীয় নেতৃত্বের লড়াইয়ে নেমে ব্যর্থ হয়েছিলেন।

এদিকে বার্নাম সম্প্রতি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে এক অনুষ্ঠানে রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজকে নিয়ে রসিকতা করেন।

সোমবার বার্নাম দলীয় এমপিদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে। ইতোমধ্যে তিনি ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্টোনিয়া রোমিওর অধীনে সরকারি কর্মকর্তাদের সাথে নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা শুরু করেছেন।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বার্নামের নেতৃত্বের প্রশংসা করে তাকে একজন দক্ষ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।

এনএন/ ১০ জুলাই ২০২৬



Scroll to Top