তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে আগেই দল জানিয়েছিল কিউইরা। এবার সাদা বলের দুই ফরম্যাটের স্কোয়াড জানাল স্বাগতিক বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ট-টুয়েন্টি স্কোয়াড পরে ঘোষণা করা হবে।
ওয়ানডেতে সবশেষ পাকিস্তান বিপক্ষে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দলে রাখছেন নির্বাচক কমিটি।
আগামী ১৭ এপ্রিল মিরপুরে ওয়ানডে দিয়ে সিরিজ গড়াবে। ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে খেলে চট্টগ্রাম যাবে দুদল। সেখানে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের আতিথ্য দেবে টিম টাইগার্স।
২৭ এবং ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টুয়েন্টি খেলবে দুদল। এরপর ঢাকায় ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লড়বে কিউই ও টাইগাররা।
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম


