রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগে শাস্তি হয়েছিল বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির। আর্জেন্টাইন তরুণ তারকাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রমাণ ছাড়া শাস্তি দেয়া হয়েছিল, কোন বর্ণবাদীও আচরণে করেননি, সম্প্রতি এমন বলেছেন প্রেস্টিয়ান্নি।
গত ১৭ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগের ঘটনা। ভিনিসিয়াসের গোলে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে জয় পায় স্প্যানিশ লস ব্লাঙ্কোস দল। ম্যাচে অভিযোগ ওঠে ভিনিকে বর্ণবাদী মন্তব্য করেছেন বেনফিকার প্রেস্টিয়ান্নি।
আর্জেন্টিনার গণমাধ্যমে সেই ঘটনা টেনে প্রেস্টিয়ান্নি বলেছেন, ‘কখনও বর্ণবাদী ছিলাম না, কখনো হবোও না। যে কাজটি করিনি, সেটির জন্য অভিযুক্ত হওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’
‘এমন কিছুই বলিনি, আর তারা বিনা প্রমাণে আমাকে শাস্তি দিয়েছে। ফিরতি লেগে খেলতে না পারার বিষয়টি আমাকে বেশ কষ্ট দিয়েছিল।’
পুরো মুহূর্তে প্রেস্টিয়ান্নির পাশে ছিল বেনফিকা। সেটি নিয়ে বলেছেন, ‘আমার ক্লাবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমার উপর বিশ্বাস রেখেছে এবং আমাকে সমর্থন করেছে। ক্লাব এবং সতীর্থরা, উভয়েই আমাকে সমর্থন জানিয়েছে।’
২০ বর্ষী আর্জেন্টাইনের এখন লক্ষ্য জাতীয় দল জার্সি গায়ে বিশ্বকাপ খেলার- ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি। সুযোগটা পাওয়ার জন্যই প্রতিদিন কাজ করে চলেছি। এই দলের সাথে একটি জায়গার জন্য লড়াই করাটা আনন্দের। আমার মনে হয়, বেনফিকাতে সবকিছু বেশ ভালোভাবে করছি।’
নভেম্বরে আর্জেন্টিনার হয়ে সিনিয়র দলে অভিষেকের পর মার্চেও আন্তর্জাতিক বিরতিতে লিওনেল স্কালোনির ডেকেছিলেন প্রেস্টিয়ান্নিকে। গত সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে যদিও খেলা হয়নি তার।




