
ঢাকা, ০৭ মে – ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন না করে কোনো নির্বাচনে যাওয়া যাবে না, কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি।
আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, “পুনঃপুন সরকার পরিবর্তন হলেও কাঠামোগত পরিবর্তন আসেনি। রাজনৈতিক দলগুলো জনগণকে হতাশ করেছে। অতীতে কিছু ভালো নির্বাচন হলেও তাতে সুশাসনের ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠেনি। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাই বেড়েছে।”
নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গাজী আতাউর বলেন, “নির্বাচন কমিশন ঠিক কোন বিধান বা কাঠামোর ভিত্তিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে? যখন রাষ্ট্রীয় সংস্কারের কাজ এখনো চলমান, তখন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে থাকে?”
তিনি আরও বলেন, “ভালো নির্বাচন মানেই ভালো রাষ্ট্র নয়—আমরা অতীতে এর প্রমাণ পেয়েছি। বরং নির্বাচিত সরকারই কখনো কখনো স্বৈরাচারী রূপ নিয়েছে।”
বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ। সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, আশরাফুল আলম এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ মে ২০২৫





