
মৌলভীবাজার, ৩ এপ্রিল – নিখোঁজের কয়েক ঘণ্টা পর মৌলভীবাজার সদর উপজেলা থেকে শাহিন মিয়া নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে ৫৫ বছর বয়সী ওই নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। পরবর্তীতে সন্ধ্যার দিকে গয়ঘর এলাকার একটি খালে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ এই ঘটনার পেছনের রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬





