মোস্তাফিজ বিশ্বকাপে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: চিঠিতে আইসিসি | চ্যানেল আই অনলাইন

মোস্তাফিজ বিশ্বকাপে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: চিঠিতে আইসিসি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। ভারতে বিশ্বকাপ খেলবে না, বিসিবি দুদফায় চিঠি পাঠিয়েছে আইসিসিতে। উত্তরে আইসিসির নিরাপত্তা দলের এক চিঠিতে বলা হয়েছে, মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।

সোমবার সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। জানান, মোস্তাফিজ দলে থাকার পাশাপাশি আরও দুটি কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে গেলে নিরাপত্তাশঙ্কা থাকবে বলেছে আইসিসি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত কোন ৩টি বিষয় উল্লেখ করা হয়েছে-

১. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন।
২. বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন।
৩. নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তাশঙ্কা বাড়বে।

আইসিসির এমন প্রত্যাশা অযৌক্তিক মনে করছেন আসিফ নজরুল। বলেছেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবো- এরচেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোন প্রত্যাশা হতে পারে না।’

ভারতের কোন ভেন্যুতেই খেলার সুযোগ নেই, জানিয়েছেন আসিফ নজরুল। বলেছেন, ‘যেখানে আমাদের দলের একটা খেলোয়াড়কে খেলানোর পরিবেশ নাই, উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড। ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এরচেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না। আর আইসিসির নিরাপত্তা দলের যে চিঠি আছে, আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিবো। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোন জায়গাতে খেলার পরিবেশ নাই।’

Scroll to Top