কোয়াটার ফাইনালে ওঠার লক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে শুরুটা দারুণ করেছে মিশর। ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়ার পর লিওনেল মেসির নেয়া পেনাল্টিও রুখে দিয়ে নিজেদের লিড অক্ষুণ্ন রেখেছে আফ্রিকার দলটি।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ১৫ মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে গোল করে মিসর। মারওয়ান আতেয়ার বাড়ানো ক্রসে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে হারিয়ে শক্তিশালী হেডে জাল খুঁজে নেন ইয়াসির ইব্রাহিম। এমিলিয়ানো মার্টিনেজর পক্ষে বলটি ঠেকানো সম্ভব হয়নি।
গোল হজমের আগে থেকেই কিছুটা এলোমেলো ফুটবল খেলছিল আর্জেন্টিনা। মাঝমাঠে বল হারানো ও ভুল পাসের কারণে শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিল না লিওনেল স্কালোনির দল।
পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার বড় সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। মিসরের ডিফেন্ডার হাইসেম হাসানের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণে নেয়া তার শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবির। মেসির পেনাল্টি ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি।
৩৯ মিনিটে আবারও দারুণ এক সেভ করেন মিশর গোলরক্ষক শোবির। ছোট বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকোর দারুণ এক পাস থেকে বল পান জুলিয়ান আলভারেজ। দারুণ শট নিলেও তা রুখে দেন মিশর গোলরক্ষক। ৪৪ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের নেয়া আরও একটি শট রুখে দেন তিনি। তবে বিরতির পর আর তেমন কোন আক্রমণে যেতে পারেনি মিশর। শেষপর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসি বাহিনী।




