মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মূল আসামিসহ আটক ২ | চ্যানেল আই অনলাইন

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মূল আসামিসহ আটক ২ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

আজ (১৯ এপ্রিল) শনিবার সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এই ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি নান্টু ছাড়াও বিশাল, তাসিন, খোকন, অমি এবং শিশিরকে আসামি করা হয়েছে।

মামলার পর থেকেই র‍্যাবের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টায় নওগাঁ সদর উপজেলার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নান্টু এবং মামলার ৩ নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Scroll to Top