মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়ার ওপর জোর দিলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়ার ওপর জোর দিলেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

মেধা ও দক্ষতার ভিত্তিতে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনগণকেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করার বিকল্প নেই। আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে অতীতেও বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনে গুরুত্ব দিয়েছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ আন্দোলন আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার উৎস জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার প্রত্যাশা করেছে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Scroll to Top