যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা বিশ্বকাপের বাকি মাত্র ২ দিন। তার আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন জানিয়েছে, দ্রুত চোট থেকে সেরে উঠছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার আশা আরও জোরদার হল এই ঘোষণায়। দলটি জানিয়েছে, মাংসপেশির চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে নেইমারের ভালো অগ্রগতি হয়েছে। সোমবার একটি স্ক্যান করানোর পর খবর এসেছে, চিকিৎসায় প্রত্যাশিত সীমার মধ্যে ভালোভাবে সেরে উঠছেন নেইমার।
গতমাসের স্ক্যানে কাফ মাসলে গ্রেড-টু চোট শনাক্ত হয়েছিল নেইমারের। সেসময় ধারণা করা হয়েছিল, ৩৪ বর্ষী তারকাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠছে সেলেসাওবাহিনী।
নেইমার ব্রাজিল দলের চিকিৎসকের পরিকল্পিত প্রস্তুতি প্রক্রিয়া চালিয়ে যাবেন। গত মাসের শেষে পানামার বিপক্ষে ৬-২ গোলের জয় এবং শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
২০২৩ অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেইমার। সেসময় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘসময় বাইরে ছিলেন। পরে ক্লাব ক্রিকেটে খেলেছেন শুধু।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।




