মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

ঢাকা, ২৪ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২৫ মার্চের কালরাতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এই ঘোষণা দেশের মানুষকে অসীম সাহসী করে তোলে এবং তারা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত হয়।

আসন্ন গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, ২৫ মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর একটি অধ্যায়। পাকিস্তানি বাহিনীর এই হত্যাযজ্ঞে পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছিল। সে সময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এর পরপরই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার দেওয়া স্বাধীনতার ঘোষণা জাতিকে নতুন পথ দেখায়। শুরু হয় সশস্ত্র প্রতিরোধ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ ৯ মাস পর লাখো প্রাণের বিনিময়ে গৌরবময় বিজয় অর্জিত হয়।

ভয়াল ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস ও তৎকালীন ইপিআর এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ও অগণিত নিরপরাধ মানুষ এই নির্মম গণহত্যার শিকার হন।

তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতার পাশাপাশি জাতির গৌরবগাঁথা ও বীরত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে।

সবশেষে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের একটি মানবিক, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্নের কথা স্মরণ করিয়ে দেন। ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে শহীদদের চেতনা বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি দেশমাতৃকার সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এনএন/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top