
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় এক মিলনমেলায় অংশ নিয়েছেন সাবেক কূটনীতিক, সাংবাদিক, পেশাজীবী ও বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট।
পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে বাংলাদেশে ফেরার আগে গত শনিবার (২১ নভেম্বর) এ আয়োজন করেন রাষ্ট্রদূত আনসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
মিলনমেলায় অংশগ্রহণকারীরা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় সময় কাটান।
মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শেখ হাসিনার শাসনামলে অনিয়ম ও দমন-পীড়নের বিষয়গুলো উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলেও তিনি পরিচিত মুখ।
মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

