
ঢাকা, ৪ মার্চ – বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদ।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কমিটির অন্য সদস্যদের তার পদত্যাগের বিষয়টি অবহিত করা হয়। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সাদিক আহমেদের আকস্মিক পদত্যাগের ফলে এদিন নির্ধারিত মুদ্রানীতি প্রণয়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে।
জানা গেছে, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতি সুদহার কমানোর বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমানে ১০ শতাংশে থাকা নীতি সুদহার ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর প্রস্তাব ছিল, যাতে ঋণের সুদহার কিছুটা সহনীয় পর্যায়ে আসে।
নতুন গভর্নর এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করলেও বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। সাদিক আহমেদ বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে তিনি বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তার পদত্যাগের পর বর্তমানে কমিটিতে রয়েছেন কমিটির চেয়ারম্যান ও গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
এনএন/ ৪ মার্চ ২০২৬





