মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ

মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ

Last Updated:

দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের পাপাই দাসের।

মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ
দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের যুবকের। দাসপুর থানার নাড়াজোল গ্রামে দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া।  উৎসবের আলো জ্বালানোর প্রস্তুতি চলছিল ঘরে ঘরে। কিন্তু সেই আলোক উৎসবের আগেই অন্ধকার নামল এক পরিবারে। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন স্থানীয় যুবক পাপাই দাস (বয়স ২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ক্লাবের কালীপুজোর কাজ সেরে নিজের বাড়িতে ফিরেছিলেন পাপাই। দীপাবলির আলোয় বাড়ি সাজাতে তিনি বাড়ির চারপাশে টুনি ল্যাম্প ঝুলাচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগতেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাপাই দাস অরুণ দাসের পুত্র।

পশ্চিম মেদিনীপুরের মৃত যুবক বিবাহিত এবং এক কন্যাসন্তানের পিতা ছিলেন। পরিবারের জানা যায়, তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আরও এক সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। গ্রামবাসীরা জানিয়েছেন, পাপাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সহৃদয় মানুষ। এলাকার যে কোনও প্রয়োজনে, বিপদে-আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ সমগ্র নাড়াজোল গ্রাম। কেউ বিশ্বাসই করতে পারছেন না, এমন হাসিখুশি এক তরুণ এভাবে চলে যেতে পারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দীপাবলির আনন্দমুখর দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আলো উৎসবের রাতে নাড়াজোলে এখন শুধু একটাই প্রশ্ন— “কেন এমন হল?”

Scroll to Top