রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজারে ভক্তদের ওপর হামলা, ভাঙচুর ও টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ভিডিও ফুটেজে হামলায় অংশ নিতে দেখা গেছে। মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান এখনো চলমান রয়েছে।
মামলার এজাহারে মোট নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), মো. আজম (৪০), শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)।
এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাজার প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত থাকা অবস্থায় একটি দল লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা মাজারের শিরনি রাখার স্থান, লাল কাপড়, মোমবাতির প্লেটসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী ভাঙচুর করে। বাধা দিতে গেলে ভক্তদের ওপরও হামলা করা হয় এবং কয়েকজন আহত হন। পাশাপাশি জিয়ারতকারীদের কাছ থেকে টাকা ও মালামালও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



