যশোর থেকে গোপালগঞ্জের ‘মিনি কক্সবাজার’ এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী শিশু তাসনিয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরের পর জেলার জালালাবাদ ইউনিয়নের ডিক্রিরচর (মাঠলা) এলাকা থেকে মধুমতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাসনিয়া তার মামীর সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হয়। তার মামীর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা-পাংখাচর গ্রামে।
নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার দুপুরে ডিক্রিরচর এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে করে তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।




