
ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আগামী মার্চের প্রথম সপ্তাহে তার এই সফর অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকগুলোতে পল কাপুরের আসন্ন ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে তিনি ঢাকা সফর করতে পারেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে ট্রাম্প প্রশাসন পল কাপুরকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মনোনীত করেছিলেন এবং গত অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।
এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬





