
ঢাকা, ২৬ জানুয়ারি – প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্যার মার্ক টালির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তারেক রহমান উল্লেখ করেন, মার্ক টালি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও পুনর্জাগরণের গল্প বিশ্বদরবারে তুলে ধরেছেন।
তারেক রহমান আরও বলেন, মার্ক টালির সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় সমৃদ্ধ। বাংলাদেশের গঠনলগ্ন ও সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা জাতি চিরদিন স্মরণে রাখবে।
পোস্টের শেষে তারেক রহমান স্যার মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও বিবিসিতে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬





