প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। এসময় বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তারা। তাদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সম্পাদক পরিষদের কয়েকজন সদস্য।
সাংবাদিকের তালিকা বিষয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকের এই প্রাথমিক তালিকায় পুরো পরিস্থিতির প্রতিফলন নাও থাকতে পারে। কিছু নাম বাদও পড়ে যেতে পারে। তবে এটি একটি সূচনা। আমরা তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়ে স্পষ্টভাবে বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা একটি গণতান্ত্রিক দেশের জন্য ভালো লক্ষণ নয়। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
প্রধানমন্ত্রী তালিকাটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীও সম্পাদকদের উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাকে আগেই নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে সাংবাদিকদের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো হস্তক্ষেপ হয়নি বলেও সম্পাদকরা জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।





