মানিকগঞ্জ প্রতিনিধি : ১০০ তরুণ-তরুণীকে ডিজিটাল দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে শেষ হয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জের ‘স্কিল আপ—এমপাওয়ারিং ইয়ুথ ফর ডিজিটাল এমপ্লয়মেন্ট’ প্রকল্পের দ্বিতীয় পর্ব (সিজন-২)।
তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পরিচালিত এ প্রকল্পের এমপ্লয়মেন্ট পার্টনার ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিপিও সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস। এর আগে ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সম্মেলন (ন্যাটকন)-এ প্রকল্পটি ‘মোস্ট ইমপ্যাক্টফুল প্রজেক্ট’ হিসেবে স্বীকৃতি লাভ করে।
প্রকল্পের চেয়ারম্যান ও জেসিআই মানিকগঞ্জের জিএলসি আর. কে. জ্যান বলেন, দ্বিতীয় বছরের মতো এ প্রকল্পের মাধ্যমে ১০০ জন তরুণকে বিপিও খাতের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং স্কাইটেক সলিউশনসের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। নতুন দক্ষতা, সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, দেশের তরুণদের ডিজিটাল অর্থনীতির উপযোগী করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপওয়ার্ক, ফাইভার ও ফ্রিল্যান্সার ডটকমের মতো আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পেশাদার প্রোফাইল তৈরি ও অপ্টিমাইজেশন, আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার এবং অফিস স্যুটের ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আর. কে. জ্যান আরও বলেন, তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, বিকল্প জ্বালানি ও বিদ্যুতের সুযোগ তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জেসিআই মানিকগঞ্জ কাজ করছে।
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য জেসিআই মানিকগঞ্জের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান, স্কাইটেকের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ, প্রকল্প টিম, প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জেসিআই মানিকগঞ্জের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান বলেন, এসডিজির ৪ নম্বর লক্ষ্য ‘গুণগত শিক্ষা’ এবং ৮ নম্বর লক্ষ্য ‘উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’র সঙ্গে ‘স্কিল আপ’ প্রকল্পের সরাসরি সম্পর্ক রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে গত দুই বছর ধরে প্রকল্পটি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেসিআই মানিকগঞ্জের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই ভাবনা থেকেই ‘স্কিল আপ’ প্রকল্পের যাত্রা শুরু। ভবিষ্যতে এ প্রকল্প থেকে দক্ষ কর্মীর পাশাপাশি দেশের শীর্ষ উদ্যোক্তাও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্কাইটেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ বলেন, ২০২৫ সালে জেসিআই মানিকগঞ্জের সঙ্গে তাঁদের এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। গত প্রায় দেড় বছরে প্রায় ২০০ জন ফ্রেশারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে স্কাইটেকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও জেসিআই মানিকগঞ্জের সঙ্গে এ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
জেসিআই মানিকগঞ্জের ২০২৬ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ হোসেন বলেন, দ্বিতীয়বারের মতো প্রকল্পটির সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে ১০০ তরুণ-তরুণীকে ডিজিটাল দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সফলভাবে যুক্ত করা হয়েছে। তরুণদের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বের একটি বৈশ্বিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে সংগঠনটির সদর দপ্তর। বিশ্বের ১২০টিরও বেশি দেশে জেসিআইয়ের কার্যক্রম রয়েছে এবং সংগঠনটির সদস্য সংখ্যা দুই লাখের বেশি। ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংগঠনটি বিশ্বব্যাপী কাজ করে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে জেসিআই মানিকগঞ্জ যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।



